
ইরাকি কুর্দিস্তানের এরবিলে অবস্থিত ইতালির একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে গভীর রাতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) মধ্যরাতের কিছু পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মন্ত্রণালয় জানায়, "এরবিলে আমাদের ঘাঁটিতে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইতালীয় কর্মীদের মধ্যে কোনও হতাহত বা আহত হয়নি। তারা সবাই ভালো আছেন।"
ঘটনার পর ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেটো পরিস্থিতি পর্যবেক্ষণে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলে মন্ত্রণালয় জানিয়েছে।
এদিকে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি এক্সে পৃথক এক বার্তায় জানান, হামলার সময় ইতালীয় সেনারা নিরাপত্তার জন্য একটি বাঙ্কারে আশ্রয় নিয়েছিলেন এবং বর্তমানে তারা সবাই "ভালো এবং নিরাপদ" আছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, এরবিলে ইতালির প্রায় ৩০০ সেনা মোতায়েন রয়েছে। তারা সেখানে কুর্দি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব পালন করছেন।