
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরাকের ভূখণ্ড বা আকাশসীমা যেন কোনো সামরিক অভিযানে ব্যবহার না করা হয়—এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি।
ইরাকের প্রধানমন্ত্রী টেলিফোনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও–এর সঙ্গে কথা বলে এ অবস্থান তুলে ধরেন। প্রধানমন্ত্রীর মিডিয়া অফিসের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
সুদানি বলেন, ইরাকের আকাশসীমা, ভূখণ্ড ও জলসীমা যেন প্রতিবেশী দেশ বা এই অঞ্চলের অন্য কোনো রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার না হয়, তা নিশ্চিত করতে হবে। তিনি আরও জানান, চলমান সংঘাতে ইরাককে জড়িয়ে ফেলার যেকোনো প্রচেষ্টা তিনি প্রত্যাখ্যান করেন এবং যেকোনো পক্ষের মাধ্যমে ইরাকের আকাশসীমা লঙ্ঘনের বিরোধিতা করেন।
সংঘাত শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই বিভিন্ন দিক থেকে আসা যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রে ইরাকের আকাশসীমা ব্যস্ত হয়ে ওঠে বলে জানা গেছে।
এদিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে ইরাকে। যুক্তরাষ্ট্র ও ইসরায়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর হামলা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় ওই গোষ্ঠীগুলো ইরাক ও আশপাশের অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর ওপর হামলার দাবি করেছে।
এ ঘটনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে বলে বিশ্লেষকদের ধারণা।
সূত্র- আলজাজিরা