
সৌদি আরবের কেন্দ্রস্থলে রাশিয়া ও মার্কিন-ইসরায়েলি সংঘাতের প্রভাব সরাসরি পড়েছে। চলমান তীব্র হামলার ধারাবাহিকতায় আল-খারজ এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাতে দুই ব্যক্তি নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন।
রোববার (৮ মার্চ) সৌদি সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি ও অপরজন ভারতীয় নাগরিক। খবর জানিয়েছে আলজাজিরা।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা আল-খারজসহ কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন মার্কিন ও মিত্র বাহিনীর রাডার সিস্টেম ও সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
এর আগে ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানের বিভিন্ন এলাকায় ভয়াবহ বিমান হামলা শুরু করে। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তেহরান সমগ্র মধ্যপ্রাচ্যে পাল্টা আক্রমণের ঘোষণা দেয়। এর অংশ হিসেবে তারা ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে।
সাম্প্রতিক এই উত্তেজনা এতটাই বৃদ্ধি পেয়েছে যে, গত মঙ্গলবার সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন কনস্যুলেটে ড্রোন হামলার ঘটনা ঘটেছে।