
ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়তেই স্পষ্ট অবস্থান জানাল সংযুক্ত আরব আমিরাত। দেশটি জানিয়েছে, তারা ইরানে কোনো ধরনের হামলার পরিকল্পনা করেনি এবং আক্রমণাত্মক ভূমিকায় যাওয়ার প্রশ্নই ওঠে না।
গতকাল মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে দাবি করে, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় তেহরানের ওপর পাল্টা আঘাত হানার পরিকল্পনা করছে সংযুক্ত আরব আমিরাত। তবে ওই প্রতিবেদনকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে আমিরাত সরকার।
সরকারি বিবৃতিতে বলা হয়, “ইরানের হামলার প্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাত তার প্রতিরক্ষা অবস্থানে কোনো পরিবর্তনের সিদ্ধান্ত নেয়নি।”
আরও বলা হয়, “আমরা স্পষ্ট করছি, আমরা এই যুদ্ধের কোনো পক্ষ নয়। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, উত্তেজনা প্রশমন এবং জাতিসংঘ সনদের প্রতি অবিচল অঙ্গীকারের অংশ হিসেবে আমিরাত তাদের ভূমি, জলসীমা বা আকাশপথ ইরানের বিরুদ্ধে কোনো হামলার জন্য ব্যবহারের অনুমতি দেয়নি।”
বিবৃতিতে দেশটি জোর দিয়ে উল্লেখ করে, “পাশাপাশি, সংযুক্ত আরব আমিরাত এটিও জোর দিয়ে বলছে যে, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদ অনুযায়ী তাদের আত্মরক্ষার বৈধ অধিকার বজায় রয়েছে।”
শেষাংশে গণমাধ্যমের প্রতি সতর্ক বার্তা দিয়ে বলা হয়, “পরিশেষে, আমিরাত সাংবাদিকতার দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেছে এবং কোনো ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের আগে কেবল দাপ্তরিক ও নির্ভরযোগ্য সূত্রের ওপর নির্ভর করার আহ্বান জানাচ্ছে।”
সূত্র: টাইমস অব ইসরায়েল