
চলমান ইরান–ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কুয়েত রাজ্যের জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি-এর অফিসিয়াল মুখপাত্র আবদুল্লাহ আল-রাজি জানান, একটি ড্রোন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে আঘাত হানে। এতে কয়েকজন কর্মী সামান্য আহত হন এবং যাত্রী টার্মিনাল-১ ভবনের সীমিত ক্ষতি হয়।
তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অনুমোদিত জরুরি প্রক্রিয়া বাস্তবায়ন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানটি সুরক্ষিত করে। বর্তমানে মূল্যায়ন, ক্ষয়ক্ষতি নিরূপণ ও পরিচালনা কার্যক্রম সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রেখে চলছে।
কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যাত্রী ও কর্মীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। সরকারি চ্যানেলের মাধ্যমে যেকোনো নতুন তথ্য জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।