
দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। এই তথ্য জানিয়েছেন ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।
শহর কর্মকর্তা মোহাম্মদ রাদমেহর বলেন, “আজ সকালে ইসরায়েল সরাসরি স্কুলটিতে হামলা চালিয়েছে।” হামলার সময় স্কুল ভবনের ভেতরে প্রায় ১৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।
ভোরের ক্লাস চলাকালীন আকস্মিক বিস্ফোরণে মুহূর্তেই স্কুল ভবনের একটি অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। ধোঁয়া ও ধুলায় ঢেকে যায় স্কুল প্রাঙ্গণ। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে একের পর এক শিক্ষার্থীকে উদ্ধার করছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে খবর, এ ঘটনায় নিহত ও আহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আহতদের মধ্যে অনেককে আশঙ্কাজনক অবস্থায় নিকটস্থ হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। হামলার পর মিনাবসহ পুরো হরমোজগান প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ইরানি কর্মকর্তারা হামলাটিকে বেসামরিক স্থাপনায় সরাসরি আঘাত হিসেবে বর্ণনা করেছেন। তবে ইসরায়েলের পক্ষ থেকে এ ঘটনায় এখনো কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আলজাজিরা