
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র দেশটির আকাশসীমার দিকে ধেয়ে আসার পর তা শনাক্ত করা হয়েছে। এ কারণে উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
এক বিবৃতিতে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সাধারণ জনগণকে তাদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বিমান বাহিনী হুমকি প্রতিহত ও প্রয়োজন হলে পাল্টা আঘাত হানতে কাজ করছে। পাশাপাশি সতর্ক করে বলা হয়, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ নিরাপদ নয়—তাই নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া জরুরি।
টাইমস অব ইসরাইল-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সময় উত্তর ইসরায়েলজুড়ে সাইরেন বেজে ওঠে এবং বাসিন্দাদের নিরাপদ কক্ষে যেতে বলা হয়। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ঘটনার পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ইরান সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, “আমরা তোমাদের সতর্ক করেছিলাম। এখন তোমরা এমন একটি পথে যাত্রা শুরু করেছ, যার শেষ আর তোমাদের নিয়ন্ত্রণে নেই।”
এর আগে তেহরানের অতি-সুরক্ষিত পাস্তুর জেলায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই এলাকায় ইরানের প্রেসিডেন্টের কার্যালয় ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-এর বাসভবন অবস্থিত। তবে হামলার পর দ্রুতই প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে বিশ্লেষকদের আশঙ্কা।