
দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং নতুন করে ৯৫০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গ নিয়ে দুজন এবং সিলেট বিভাগে একজন মারা গেছেন।
গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮৯ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৮৫ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৫৭ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হওয়া ৮৫ জনও এ হিসাবের অন্তর্ভুক্ত।
এ ছাড়া গত এক দিনে ৯৫০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯০ জনে।