
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে রোববার (১৩ সেপ্টেম্বর) পর্যন্ত হাম ও এর উপসর্গে সারা দেশে মোট ১ হাজার ২২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৬৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুজন এবং চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৯২২ জন এবং হাম আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৯০৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে মোট ২০ হাজার ৬৯ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১ লাখ ৭১ হাজার ৫৪৩ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ১ লাখ ৫১ হাজার ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৪৫ হাজার ২৫২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।