
যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। ইটের আঘাতে তার মাথা ফেটে গেলে হাসপাতালে নেওয়া হয়। সেখানে মাথায় চারটি সেলাই দেওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফিরেছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সমু চৌধুরী জানান, দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি মোটরসাইকেল গ্যারেজের মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর ইট দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
তবে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন গ্যারেজের মালিক হৃদয়। তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। তবে মা-বোন তুলে গালিগালাজ করায় হামলা করেছেন বলে মুঠোফোনে জাহাঙ্গীর তাকে জানিয়েছেন।
এদিকে, এ ঘটনার নিন্দা জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয়রা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। জড়িতদের আটক করতে অভিযান চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।