
নব্বইয়ের দশকের দর্শকের কাছে এখনও আবেগের নাম ‘হঠাৎ বৃষ্টি’। ১৯৯৮ সালে কোরবানির ঈদের দিন চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ারের মাধ্যমে দর্শকের নজর কেড়েছিল সিনেমাটি। দীর্ঘ ২৭ বছর পর এবার নতুন প্রজন্মের দুই অভিনয়শিল্পী আরিয়ান সারোয়ার ও রাদিফা নারমিনকে জুটি করে সেই জনপ্রিয় সিনেমার রিমেক নির্মিত হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’।
কামরুজ্জামানের পরিচালনায় নির্মিত সিনেমাটি শুরুতে পূজায় মুক্তির পরিকল্পনা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে দর্শকের সামনে আসছে এটি।
পরিচালক জানান, প্রায় তিন মাস আগেই সিনেমাটির শুটিং শেষ হয়েছে। এরই মধ্যে সার্টিফিকেশন বোর্ড থেকেও মুক্তির ছাড়পত্র পেয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’।
সিনেমাটি নির্মাণের চ্যালেঞ্জ প্রসঙ্গে কামরুজ্জামান বলেন, ‘হঠাৎ বৃষ্টি’ আমাদের দর্শকের কাছে আবেগের একটি সিনেমা। এমন একটি জনপ্রিয় ছবিকে নতুনভাবে নির্মাণ করা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। কারণ, পুরোনো ছবিটির সঙ্গে দর্শকের অনেক স্মৃতি জড়িয়ে আছে। সেই জায়গাটিকে সম্মান রেখেই বর্তমান সময়ের দর্শকের কথা মাথায় রেখে আমরা নতুন সিনেমাটি নির্মাণ করেছি। গল্পের মূল আবহ ঠিক রেখে নির্মাণ, অভিনয় ও উপস্থাপনায় আমাদের নিজস্বতা রাখার চেষ্টা করেছি। দর্শক সিনেমাটি দেখার পরই বলতে পারবেন আমরা কতটা সফল হয়েছি। পূজায় মুক্তির পরিকল্পনা থাকলেও নানা কারণে তখন মুক্তি দেওয়া সম্ভব হয়নি। এখন ২ অক্টোবর সিনেমাটি দর্শকের সামনে আনতে প্রস্তুত আমরা।’
১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘হঠাৎ বৃষ্টি’ পরিচালনা করেছিলেন ভারতের নির্মাতা বাসু চ্যাটার্জি। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস ও প্রিয়াঙ্কা ত্রিবেদী।
নতুন সংস্করণে ফেরদৌসের অভিনীত চরিত্রে দেখা যাবে আরিয়ান সারোয়ারকে। আর প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্রে অভিনয় করেছেন রাদিফা নারমিন। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরী।
আরিয়ান সারোয়ারের ক্যারিয়ারে এটি দ্বিতীয় সিনেমা। তবে প্রধান চরিত্রে এবারই প্রথম অভিনয় করছেন তিনি। নিজের প্রস্তুতি প্রসঙ্গে আরিয়ান বলেন, ‘শুটিংয়ের আগে পুরো ছবিটি একাধিকবার দেখেছি। ফেরদৌস ভাইকে অনুসরণ করেছি, তবে অনুকরণ করিনি।’
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত মূল ‘হঠাৎ বৃষ্টি’ প্রযোজনা করেছিল আশীর্বাদ চলচ্চিত্র ও গ্রামকো ফিল্মস। নতুন সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম।
প্রেক্ষাগৃহে মুক্তির আগে আগামী ৩০ সেপ্টেম্বর বিকেল ৪টায় বিমানবন্দর এলাকার একটি সিনেপ্লেক্সে ‘আবার হঠাৎ বৃষ্টি’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। এতে সিনেমাটির অভিনয়শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা উপস্থিত থাকবেন।