
টকটকে লাল শাড়ি, কপালে লাল টিপ, খোঁপায় সাজ আর মুখজুড়ে মিষ্টি হাসি—এমনই মনকাড়া লুকে অনুরাগীদের নজর কেড়েছেন সময়ের জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে সোনালি কাজ করা লাল শাড়ি পরা কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি। লাল ব্লাউজ, হাতে লাল চুড়ি, গলায় মানানসই অলংকার এবং খোঁপায় সজ্জিত চুল—সব মিলিয়ে ঐতিহ্যবাহী বাঙালি সাজে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।
ইনডোর লোকেশনে তোলা ছবিগুলোতে কখনো মৃদু হাসিতে, কখনো চোখ নামিয়ে, আবার কখনো কানের পাশে হাত রেখে বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন তটিনী।
ছবিগুলোর সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান ‘ভালোবেসে সখী’। পোস্টের ক্যাপশনেও গানের একটি লাইন উদ্ধৃত করে তিনি লিখেছেন, “আমার নামটি লিখো—তোমার মনের মন্দিরে।”
অভিনেত্রীর এই নতুন লুক ও কাব্যিক ক্যাপশন ভক্তদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। পোস্টটি প্রকাশের পর থেকেই লাইক, মন্তব্য ও শেয়ারে সরব হয়ে ওঠেন অনুরাগীরা।
মন্তব্যের ঘরে অনেকেই রবীন্দ্রসংগীতের বিভিন্ন পঙ্ক্তি উদ্ধৃত করে ভালোবাসা প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, “আমার পরানে যে গান বাজিছে তাহার তালটি শিখো”, আবার কেউ প্রশংসা করেছেন তার স্নিগ্ধ সৌন্দর্য ও রুচিশীল সাজের।
সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে সাবলীল অভিনয় ও স্বাভাবিক উপস্থিতির মাধ্যমে ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জন করেছেন তানজিম সাইয়ারা তটিনী। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নান্দনিক সাজ ও ব্যক্তিত্বপূর্ণ উপস্থিতির কারণে নিয়মিত প্রশংসা কুড়াচ্ছেন তিনি।