
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টা থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আগামী দুই বছরের জন্য সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট দিচ্ছেন চলচ্চিত্রের শিল্পীরা।
নির্বাচন কমিশন জানিয়েছে, দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য ভোটগ্রহণ এক ঘণ্টা বন্ধ থাকবে। এরপর পুনরায় ভোট গ্রহণ শুরু হয়ে নির্ধারিত সময় পর্যন্ত চলবে।
এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি প্যানেলের মধ্যে। এক প্যানেলে নেতৃত্ব দিচ্ছেন শিবা শানু ও জয় চৌধুরী। অপর প্যানেলে রয়েছেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি। নির্বাচনের আগে আয়োজিত পরিচিতি অনুষ্ঠানে উভয় প্যানেলই বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে নির্বাচিত হলে শিল্পীদের অধিকার, কল্যাণ ও সংগঠনের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে এফডিসি প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের পাশাপাশি র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে রয়েছেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশা।
নির্বাচন-পরবর্তী আপিল ও অভিযোগ নিষ্পত্তির জন্য গঠিত আপিল বোর্ডে দায়িত্ব পালন করছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব ছটকু আহমেদ, কাজী হায়াৎ ও বাদল খন্দকার।