
বলিউডের জনপ্রিয় ও কাল্ট সিনেমা ‘থ্রি ইডিয়টস’ আবারও ফিরছে বড় পর্দায়। দীর্ঘ ১৭ বছর পর ছবিটির সিক্যুয়েল নির্মাণের খবর নিশ্চিত করেছেন অভিনেতা আমির খান।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আমির খান জানিয়েছেন, ‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। তিনি বলেন, নতুন চিত্রনাট্য তার ভালো লেগেছে এবং গল্পটি আগের অংশের মতোই হাস্যরস ও ভিন্নধর্মী উপস্থাপনায় ভরপুর হবে। গল্পটি মূল কাহিনির প্রায় ১০ বছর পরের সময়কে কেন্দ্র করে এগোবে বলেও জানান তিনি।
২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘থ্রি ইডিয়টস’ বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে পরিচিত। এতে আমির খান র্যাঞ্চো চরিত্রে অভিনয় করেন, যা তার ক্যারিয়ারের অন্যতম সেরা চরিত্র হিসেবে বিবেচিত হয়।
জানা গেছে, সিক্যুয়েলটিতে আগের কাস্টের অনেকেই ফিরতে পারেন। আমির খান ছাড়াও কারিনা কাপুর, আর মাধবন ও শরমন যোশিকে আবারও দেখা যেতে পারে তাদের পুরনো চরিত্রে।
প্রযোজনা সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ২০২৬ সালের মাঝামাঝি সময় থেকে সিক্যুয়েলের শুটিং শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে। পুরো টিমই এই পুনর্মিলনী নিয়ে উচ্ছ্বসিত এবং আগের ছবির মতোই একটি সফল প্রজেক্ট তৈরি করতে চায়।
এর আগে সিক্যুয়েল নিয়ে নানা গুজব ছড়ালেও এবার আমির খানের বক্তব্যে বিষয়টি নিশ্চিত হওয়ায় ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।