
প্রকৃতির টান আর মাটির কাছাকাছি থাকা জীবনই যেন আবারও সামনে আনলেন অভিনেত্রী জয়া আহসান। রূপালি পর্দার আলো-ঝলমলের বাইরে নিজের ছোট্ট বাগানেই খুঁজে নিয়েছেন তিনি এক ধরনের নীরব প্রশান্তি, যেখানে মাটি, গাছ আর সবুজই হয়ে উঠেছে তার দৈনন্দিন সঙ্গী।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, বাগানের কাজেই ব্যস্ত জয়া। কখনো কোদাল হাতে মাটি আলগা করছেন, আবার কখনো বৃষ্টিতে ভিজে নিজের হাতে শাক তুলছেন। তার এই সহজ-সরল উপস্থিতি ভক্তদের কাছে নতুন করে তাকে আরও কাছের করে তুলেছে।
ভিডিওর ক্যাপশনে জয়া লিখেছেন, ‘মাটির কী অদ্ভুত শক্তি। আমাদের প্রতিটা খাবার, ফুলের প্রতিটা রং, প্রকৃতির এই অপার সুন্দরতা, আমাদের খাবারের স্বাদের যেই অনুভূতিগুলো।’ তিনি আরও লেখেন, ‘সবকিছুই মাটি থেকে আসে। এ মাটির নিচেই লুকিয়ে আছে জীবনের সব নিরব রহস্য। কতটা বিস্ময়কর, তাই না?’
অভিনয়ের ব্যস্ততা আর গ্ল্যামারের জগতের বাইরে জয়ার এই প্রকৃতি-ঘনিষ্ঠ জীবন অনেকের কাছেই অনুপ্রেরণার মতো মনে হচ্ছে। তার এমন সরল মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে ইতিমধ্যে তৈরি করেছে আলাদা আগ্রহ।
প্রকৃতির সঙ্গে এই নীরব সংলাপেই যেন আবারও নিজের ভেতরের শান্ত মানুষটিকে খুঁজে পান জয়া আহসান, আর সেই অনুভূতিই ছড়িয়ে দিচ্ছেন ভক্তদের মাঝেও।