
মেগাস্টার শাকিব খান অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’-তে তার বিপরীতে অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। এই সিনেমার কাজেই প্রথমবার বাংলাদেশে এসে এখানকার খাবার ও আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যোতির্ময়ী মজার ছলে বলেন, তিনি কাচ্চি বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ ছাড়বেন না। “যদি আমাকে কাচ্চি বিরিয়ানি না খাইয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে আমার আত্মা শান্তি পাবে না,”—এভাবেই নিজের আগ্রহের কথা জানান তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশে আসার আগে থেকেই এখানকার আতিথেয়তা ও খাবারের গল্প অনেক শুনেছেন। তাই প্রথমবার আসার অভিজ্ঞতা নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত ছিলেন। দর্শকদের ভালোবাসা সরাসরি অনুভব করার জন্যও তিনি অপেক্ষায় ছিলেন বলে জানান।
বাংলাদেশের মানুষের আন্তরিকতা তাকে মুগ্ধ করেছে উল্লেখ করে জ্যোতির্ময়ী বলেন, “কাচ্চি বিরিয়ানি, আতিথেয়তা আর ভালোবাসার কথা এত শুনেছি যে এগুলো নিজের চোখে দেখতে চেয়েছি।”
খাবারের প্রসঙ্গে তিনি ইলিশ নিয়েও কথা বলেন। ইলিশ পছন্দ করলেও কাঁটার কারণে খেতে অসুবিধা হয় বলে জানান এই অভিনেত্রী। তবে কেউ কাঁটা বেছে দিলে ইলিশ খেতে তার দারুণ লাগে বলেও জানান তিনি।