
ঢালিউডের আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস। সম্প্রতি একটি পোশাকের দোকানে ফিতা কাটার অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইন্ডাস্ট্রির পরিবর্তিত অবস্থা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে হালকা গোলাপি লেহেঙ্গায় নজর কাড়েন এই নায়িকা। সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে শুধু পোশাকের রঙ নয় বরং নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন এবং ব্যবসা নিয়েও খোলাখুলি কথা বলেছেন অপু।
অপু বিশ্বাস জানান, সবসময়ই তিনি হালকা রঙের পোশাক পছন্দ করেন। ‘লাল শাড়ি’ সিনেমার সময় নিয়মিত লাল শাড়িতে দেখা গেলেও তার ব্যক্তিগত পছন্দে প্রথম দিকে হালকা রঙ।
নিজের বিয়ের পোশাক নিয়েও স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, লেহেঙ্গা ছিল হালকা রঙের, তবে ব্লাউজটি ছিল রঙিন। শাকিব খানের পছন্দের প্রসঙ্গে হেসে উত্তর দেন, আমি ঠিক জানতাম না তবে হয়তো সে পছন্দ করেছে।
এছাড়া ঢালিউডের বর্তমান অবস্থা নিয়েও সরাসরি মন্তব্য করেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘২০০৭–২০০৮ সালে যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, তখন একটি ফুল ফেইজের চলচ্চিত্র দেখে ভক্ত তৈরি হতো। কিন্তু ২০১৬ সাল থেকে ইন্ডাস্ট্রিতে নোংরামি শুরু হয়েছে। এখন ইন্ডাস্ট্রি একটা ডাস্টবিন হয়ে গেছে। পক্ষ-বিপক্ষ সব জায়গায় আছে। বলিউড-হলিউড সব জায়গায় পক্ষ-বিপক্ষ আছে, টলিউড তো পাশেই। তবে সেখানে সবাইকে নিয়েই কাজ করা হয়। কিন্তু ঢালিউড এখন ডাস্টবিন ছাড়া কিছুই না।’