
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশ করা হচ্ছে না। ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় এটি স্থগিত করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ফলাফল আজ প্রকাশ করা হচ্ছে না। তবে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে দ্রুতই ফল প্রকাশ করা হবে।
এর আগে প্রাথমিকভাবে বৃহস্পতিবার ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফল প্রস্তুতের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় নির্ধারিত দিনে ফল প্রকাশ সম্ভব হয়নি।
এ বছর মোট ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে ৮০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ২০ শতাংশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (কিন্ডারগার্টেন)-এর শিক্ষার্থীরা বৃত্তি লাভ করবে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ‘ট্যালেন্টপুল’ ও ‘সাধারণ গ্রেড’—এই দুই ক্যাটাগরিতে আর্থিক সুবিধা দেওয়া হবে।
চলতি বছর পার্বত্য তিন জেলা ছাড়া দেশের অন্য সব জেলায় গত ১৫ থেকে ১৮ এপ্রিল প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বিশেষ সময়সূচিতে ১৭ থেকে ২০ এপ্রিল পরীক্ষা নেওয়া হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর বৃত্তি পরীক্ষায় অংশ নেয় ৬ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী। এর মধ্যে প্রায় সাড়ে ৫ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং প্রায় ৯০ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (কিন্ডারগার্টেন)-এর শিক্ষার্থী।