
দেশজুড়ে জেলা ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠাতব্য ‘স্টার্ট-আপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রতিযোগিতায় স্থানীয় সংসদ সদস্যদের (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাখার নির্দেশ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উন্নয়ন-১ শাখা থেকে সম্প্রতি জারি করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (৩ জুন) মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জাবের মো. সোয়াইবের সই করা এক চিঠিতে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন ‘সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ (এসইডিপি)-এর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) বর্তমানে ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’ (ইইএসএস) বাস্তবায়ন করছে। উল্লেখ্য, এই স্কিমটির পূর্ববর্তী নাম ছিল ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস’ (পিবিজিএসআই)।
এই বিশেষ প্রকল্পের আওতায় জেলা এবং উপজেলা বা থানা পর্যায়ে ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী ক্ষমতা বিকাশের লক্ষ্যে ‘স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ নামক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, তৃণমূল পর্যায়ে এই বিজ্ঞান ও উদ্ভাবনী আয়োজনকে সফল, অর্থবহ ও প্রাণবন্ত করতে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেই লক্ষ্যে দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠাতব্য এই বিজ্ঞান মেলাগুলোতে স্থানীয় সংসদ সদস্যদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সকল জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
একই সঙ্গে এই নির্দেশনার অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রী ও সচিবের একান্ত সচিব এবং মাউশিসহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরেও অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।