
৪৭তম বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা) সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
মঙ্গলবার (২১ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ ক্যাডারের মোট ২ হাজার ৫৭০ জন প্রার্থীর ভাইভা আগামী ১১ মে থেকে শুরু হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত কমিশনের প্রধান কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
কমিশন আরও জানিয়েছে, প্রার্থীদের ভাইভা বোর্ডে বিপিএসসি ফরম-১সহ সব সনদ ও নথিপত্রের দুই সেট সত্যায়িত কপি জমা দিতে হবে এবং মূল সনদ অবশ্যই প্রদর্শন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ এবং তিন কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি।
এছাড়া মৌখিক পরীক্ষার অ্যাডমিট কার্ড কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে ডাউনলোড করতে হবে বলে জানানো হয়েছে। কোনো প্রার্থীর কাছে ডাকযোগে আলাদা কোনো নথি পাঠানো হবে না।
বিপিএসসি সতর্ক করে জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। একইসঙ্গে তদবিরকে অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে বলেও জানানো হয়েছে।