
দুর্গাপূজা উপলক্ষে দেশের মার্কেট, বিপণীবিতান ও দোকান রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চেয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। আগামী ৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত এই সময় বাড়ানোর দাবি জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এ দাবি জানান সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া।
চিঠিতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে মন্ত্রণালয়ের নির্দেশনার পর বর্তমানে দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করা হচ্ছে। সংকটকালীন পরিস্থিতিতে ব্যবসায়ীরা সরকারের জ্বালানি সাশ্রয় কার্যক্রমে সহযোগিতা করে আসছেন।
তবে বৈশ্বিক অর্থনৈতিক ও জ্বালানি সংকটের প্রভাবে দীর্ঘদিন ধরে দোকানপাটে বেচাকেনা কম থাকায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়েছেন বলে উল্লেখ করেছে সংগঠনটি।
দোকান মালিক সমিতি জানায়, ঈদ ও পূজার মতো উৎসবের আগে দোকানপাট খোলা রাখার সময় বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন। সাধারণত এসব উৎসবকে কেন্দ্র করে বাজারে কেনাকাটা বাড়ে। তাই দোকান খোলার সময় বাড়ানো হলে ব্যবসায়ীরা অতিরিক্ত বেচাকেনার সুযোগ পাবেন বলে মনে করছে তারা।
চিঠিতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে জ্বালানি সংকট ও বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতিরও উন্নতি হয়েছে। এ অবস্থায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের আর্থিক সংকট বিবেচনায় নিয়ে দুর্গাপূজা উপলক্ষে ৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সংগঠনটির মতে, উৎসবের সময়ে দোকান খোলার সময় দুই ঘণ্টা বাড়ানো হলে বিক্রির সুযোগ বাড়বে এবং ব্যবসায়ীদের চলমান আর্থিক চাপ কিছুটা কমাতে সহায়তা করবে।