
মৌলভীবাজারে টিকটকে ভিডিও তৈরি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মামুন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও স্থানীয়দের সহযোগিতায় সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। মামুন ওই গ্রামের নিজাম মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে মামুন টিকটকে কয়েকটি ভিডিও তৈরি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। পরে ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
গিয়াসনগর ইউনিয়ন বিএনপির নেতা শামীম আহমেদ অভিযোগ করেন, মামুন উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। এর পেছনে অন্য কেউ বা কোনো চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখার দাবি জানান তিনি।
মৌলভীবাজার সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ওই যুবকের আপত্তিকর মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি পুলিশ জানতে পারে। পরে তাকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।