-6abd4049451db.webp)
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত বিএনপি নেতা মাওলানা জাকির হোসেনের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে লালমাই উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় কার্যালয়ের আসবাব, ব্যানার, পোস্টারসহ বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন দলটির স্থানীয় নেতারা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাগমারা দক্ষিণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বিক্ষোভ মিছিল থেকে কার্যালয়ে হামলার অভিযোগ
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বুধবার বিকেলে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত নেতাকর্মীরা উপজেলা যুবদলের আহ্বায়ক জাবের আহমেদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাগমারা দক্ষিণ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নানা স্লোগান দেয়।
একপর্যায়ে মিছিল থেকে একদল নেতাকর্মী উপজেলা বিএনপির কার্যালয়ে ঢুকে হামলা ও ভাঙচুর চালান বলে অভিযোগ করা হয়েছে। এ সময় কার্যালয়ের দেয়ালে টানানো বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের ছবি-সংবলিত ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলা হয়।
দলীয় সূত্রের দাবি, হামলায় কার্যালয়ের একটি বড় টেবিল এবং তিন শতাধিক চেয়ার ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন ব্যানার-পোস্টারও ক্ষতিগ্রস্ত করা হয়েছে।
‘সিসিটিভি ফুটেজ দেখে ভাঙচুরের বিষয়টি জেনেছি’
লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউছুফ আলী মীর পিন্টু বলেন, তিনি গত দুই দিন ধরে ঢাকায় অবস্থান করছেন। দলীয় নেতাকর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য এবং সিসিটিভি ফুটেজ দেখে কার্যালয়ে হামলার বিষয়টি জানতে পেরেছেন।
তার দাবি, সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত বিএনপি নেতাদের উপস্থিতিতে উপজেলা যুবদলের আহ্বায়ক জাবের আহমেদের নেতৃত্বে একদল ব্যক্তি কার্যালয়ে ভাঙচুর চালান। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুর করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
ইউছুফ আলী মীর পিন্টুর আরও অভিযোগ, হামলাকারীরা কার্যালয়ের কিছু চেয়ার ও ব্যানার-পোস্টার নিয়ে যান। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটারসহ ১৬টি বৈদ্যুতিক পাখা নষ্ট করা হয়।
তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে অভিযোগের বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক জাবের আহমেদের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
পুলিশের কাছে এখনো অভিযোগ নেই
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ বিরোধের জেরে উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত বিএনপি নেতা মাওলানা জাকির হোসেনের ওপর হামলার অভিযোগ ওঠে। রাত ১০টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই বাজার এলাকার একটি খাবার হোটেলে হেলমেট পরা কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।