
দেশের চামড়াজাত শিল্পকে আরও এগিয়ে নিতে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তিনি বলেন, দেশের চামড়াজাত শিল্প দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। একই সঙ্গে দেশকে স্বনির্ভর ও স্বয়ংসম্পূর্ণ করতে কুটির শিল্পের বিকল্প নেই।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ভবনে চামড়া ও চামড়াজাত পণ্যের মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, প্রতিবছর কোরবানির ঈদে যে বিপুল পরিমাণ চামড়া সংগ্রহ করা হয়, তা প্রক্রিয়াজাত করতেই সংশ্লিষ্টদের হিমশিম খেতে হয়। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে জুতার কারখানা গড়ে তুলতে পারলে উৎপাদিত জুতার শতভাগ রপ্তানি করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ট্যানারির আশপাশে যাতে আবাসিক এলাকা গড়ে না ওঠে, সে বিষয়টি বিবেচনায় রেখে সরকারের নীতিমালা প্রণয়ন করা উচিত।
চামড়া শিল্পের বর্জ্য খাল-বিল ও নদীতে গেলে পরিবেশের ওপর গুরুতর ক্ষতিকর প্রভাব পড়তে পারে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
দেশের বেকারত্ব কমাতে বিভিন্ন এলাকায় বিসিকের জায়গায় চকলেটসহ নানা ধরনের কারখানা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন রুহুল কবির রিজভী।
পরে শিল্প মন্ত্রণালয়ের এই উপদেষ্টা পাঁচ দিনব্যাপী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় মোট ৪৯টি স্টল রয়েছে। এর মধ্যে ৪৩টিতে চামড়া ও চামড়াজাত পণ্যের উদ্যোক্তারা অংশ নিয়েছেন।