
বাংলাদেশে বাধ্যতামূলকভাবে ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা চালুর পর বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। একই সময়ে এই পদ্ধতিতে আর্থিক লেনদেনের পরিমাণ বেড়েছে প্রায় তিনগুণ।
রোববার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এক দেশ, এক কিউআর’ উদ্যোগের আওতায় গত ১ জুলাই থেকে বাংলাদেশে বিভিন্ন ধরনের নিজস্ব কিউআর কোডের পরিবর্তে একটি একক বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
জুলাই মাসের শুরুতে বাংলা কিউআরের মাধ্যমে প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ৭৮ হাজার লেনদেন সম্পন্ন হতো। এসব লেনদেনের দৈনিক আর্থিক পরিমাণ ছিল প্রায় ৩৭ কোটি ৩৩ লাখ টাকা।
তবে গত এক সপ্তাহে বাংলা কিউআরের মাধ্যমে দৈনিক গড় লেনদেনের সংখ্যা বেড়ে প্রায় ৩ লাখ ৩ হাজারে দাঁড়িয়েছে। একই সময়ে দৈনিক গড় লেনদেনের পরিমাণও বেড়ে প্রায় ১১০ কোটি ৩৮ লাখ টাকায় পৌঁছেছে।
এদিকে বাংলা কিউআর ব্যবহারকারী ব্যবসায়ীর সংখ্যাতেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। ২০২৬ সালের ২১ জুলাই পর্যন্ত বাংলা কিউআর ব্যবহারকারী ব্যবসায়ীর সংখ্যা প্রায় ১৬ লাখ থেকে বেড়ে ৩০ লাখের বেশি হয়েছে।
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বাংলা কিউআরের ব্যবহার দ্রুত বাড়তে থাকায় বাংলাদেশে ডিজিটাল লেনদেনের প্রসারে এটি উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে আরও সুবিধাজনক, কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে উঠবে।