
উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম অভ্যন্তরীণ রুটে লিটারে প্রায় ২৯ টাকা বাড়ানো হয়েছে। নতুন দরে অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে বেড়ে ১৫৯ টাকা ৫২ পয়সা হয়েছে। আন্তর্জাতিক রুটে জেট ফুয়েলের দাম ৮৫ সেন্ট থেকে বাড়িয়ে ১ দশমিক ০৩ ডলার নির্ধারণ করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) নতুন দরের আদেশ ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
নতুন দর রাত ১২টার পর থেকে কার্যকর হবে। এর আগে গত ৭ জুলাই জেট ফুয়েলের দাম লিটারে ২০ টাকার কমানো হয়েছিল।
২০২৫ সালের মে মাসে প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম ঘোষণা করে বিইআরসি। সে সময় জানানো হয়েছিল, আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হবে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে বাংলাদেশেও বাড়বে এবং কমলে দাম কমবে।
এর আগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সময়ে সময়ে জেট ফুয়েলের দাম নির্ধারণ করে আসছিল। তবে একই মাসে একাধিকবার জ্বালানিটির দাম সমন্বয়ের নজিরও রয়েছে।