
চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। জুলাই মাসের প্রথম ১৮ দিনেই বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে প্রায় ১৮০ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ২ শতাংশ বেশি।
রোববার (১৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ১ থেকে ১৮ জুলাই পর্যন্ত দেশে মোট ১৭৯ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ১৪৯ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৩০ কোটি ২০ লাখ মার্কিন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, শুধু ১৬ থেকে ১৮ জুলাই এই তিন দিনেই দেশে এসেছে ১৬ কোটি ১০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয়। এর আগে মাসের প্রথম পাঁচ দিনে আসে ৫৬ কোটি ৭০ লাখ ডলার। ধারাবাহিক প্রবাহ অব্যাহত থাকায় ১৮ দিনের মাথায় মোট রেমিট্যান্স পৌঁছেছে ১৭৯ কোটি ৮০ লাখ ডলারে।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স প্রবাহে ২০ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যা বৈধ পথে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং প্রণোদনা কার্যক্রমের ইতিবাচক প্রভাবেই এ প্রবৃদ্ধি এসেছে। তাদের মতে, এই ধারাবাহিক প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, আমদানি ব্যয় নির্বাহ এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।