
শিল্প উৎপাদন ও কর্মসংস্থান সচল রাখতে শাইনপুকুর সিরামিকস লিমিটেডের জন্য বিশেষ নীতিগত সুবিধা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিষ্ঠানটি কাঁচামাল আমদানির জন্য সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে শতভাগ মার্জিনে এলসি খুলতে পারবে।
মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থ, শিল্প উৎপাদন এবং কর্মসংস্থান অব্যাহত রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য শাইনপুকুর সিরামিকসকে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৭কক(৩) ধারার বিধান থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, কেবল কাঁচামাল আমদানির উদ্দেশ্যে সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে শতভাগ মার্জিনে এলসি স্থাপনের ক্ষেত্রে ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত ব্যাংক কোম্পানি আইনের ২৭কক(৩) ধারার বিধান প্রতিষ্ঠানটির ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
তবে এ সুবিধা ব্যবহারের জন্য একাধিক শর্ত আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক। শর্ত অনুযায়ী, শাইনপুকুর সিরামিকসের সব ধরনের বিক্রয়লব্ধ অর্থ ও অন্যান্য আয় নির্ধারিত একটি ব্যাংক হিসাবে জমা রাখতে হবে। ওই হিসাব থেকে আনুপাতিক হারে সোনালী ব্যাংকের পাওনা নিয়মিত পরিশোধ নিশ্চিত করতে হবে।
এ ছাড়া, এ সুবিধার বিপরীতে অর্থ বিভাগ বা বাংলাদেশ ব্যাংকের কোনো আর্থিক দায় সৃষ্টি হবে না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ সুবিধার ভিত্তিতে সোনালী ব্যাংক সরকার বা বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো ধরনের আর্থিক সহায়তা দাবি করতে পারবে না।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শিল্প উৎপাদন অব্যাহত রাখা, কর্মসংস্থান সুরক্ষা এবং জনস্বার্থ বিবেচনায় জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।