জুলাই মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা, যা গত মাসের তুলনায় ৩৫৭ টাকা কম। বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দাম কার্যকর হবে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিইআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন মূল্য ঘোষণা করা হয়। কমিশন জানায়, সৌদি আরামকোর জুলাই মাসের কন্ট্রাক্ট প্রাইস (সিপি), এলপিজি আমদানির ব্যয়, ডলারের বিনিময় হার এবং সংশ্লিষ্ট অন্যান্য খরচ পর্যালোচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
একই সঙ্গে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন করে প্রতি লিটার অটোগ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৪ টাকা ৪০ পয়সা, যা আগে ছিল ৮৬ টাকা ৯৩ পয়সা।
বিইআরসি আরও জানিয়েছে, ১২ কেজি ছাড়াও বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের দাম কেজিপ্রতি নতুন হার অনুযায়ী সমন্বয় করা হয়েছে। তবে সরকারি প্রতিষ্ঠানের সরবরাহ করা এলপিজির দামে কোনো পরিবর্তন আনা হয়নি।