
চলতি এপ্রিল মাসের প্রথম ২৯ দিনেই দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৩০০ কোটি ২০ লাখ ডলার, যা প্রায় ৩ দশমিক ০০২ বিলিয়ন ডলার।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ৩৫ লাখ ডলার রেমিট্যান্স।
গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ২৬০ কোটি ৮০ লাখ ডলার। ফলে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯২১ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ১৯ দশমিক ৮০ শতাংশ বেশি।
এর আগে মার্চ মাসে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার, যা একক মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স।
ফেব্রুয়ারি মাসে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ডলার। ডিসেম্বরে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স আসে।
অক্টোবর ও সেপ্টেম্বরে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ও ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার এবং আগস্ট ও জুলাইয়ে ২৪২ কোটি ১৮ লাখ ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স আসে।
সব মিলিয়ে ২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা এক অর্থবছরে সর্বোচ্চ রেকর্ড।