
দীর্ঘদিন বন্ধ থাকা পাটশিল্পে ফের গতি আনতে ছয়টি পাটকল দ্রুত চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন এসব মিল আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় চালু করার সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মন্ত্রণালয়ের সভাকক্ষে বন্ধ জুট মিল ও কারখানা পুনরায় চালু এবং ইজারা সংক্রান্ত অংশীজনদের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ তথ্য জানান খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে বাকি বন্ধ পাটকলগুলোও চালু করা কিংবা ইজারা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তার মতে, এই পদক্ষেপ বাস্তবায়িত হলে বিনিয়োগ বাড়ার পাশাপাশি রফতানি বৃদ্ধি পাবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
বৈঠকে উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের পর বন্ধ মিলগুলো পুনরায় সচল করতে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনাও দেন তিনি।
এ সময় আশিক চৌধুরী-সহ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধিরা, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনরা উপস্থিত ছিলেন।