
চার বছর পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে গম আমদানি শুরু হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ৩টি ট্রাকে করে মোট ১১৬ টন গম আমদানির মাধ্যমে এই কার্যক্রম পুনরায় চালু হয়।
আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স মিফা ইন্টারন্যাশনাল ভারত থেকে এই গম নিয়ে আসে। দীর্ঘদিন পর আমদানি শুরু হওয়ায় বন্দরের ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
উল্লেখ্য, ২০২২ সালের ১৩ মে ভারত সরকার অভ্যন্তরীণ বাজারে গমের দাম বৃদ্ধি পাওয়ায় গম রপ্তানি বন্ধ ঘোষণা করে। এর ফলে হিলি স্থলবন্দরসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে গম আমদানি পুরোপুরি বন্ধ হয়ে যায়।
পুনরায় আমদানি শুরু হওয়ায় ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন, এখন থেকে নিয়মিত গম আমদানি অব্যাহত থাকলে দেশের বাজারে সরবরাহ বাড়বে এবং মূল্য স্থিতিশীল রাখতে সহায়ক হবে।