
দেশে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম আবারও বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) নতুন এ দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সংস্থাটির ঘোষণায় বলা হয়েছে, অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০২ টাকা ২৯ পয়সা থেকে বাড়িয়ে ২২৭ টাকা ৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২৪ মার্চ এক দফায় লিটারে ৯০ টাকা বৃদ্ধি পেয়ে দাম ২০২ টাকায় পৌঁছায়।
অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১.৩২১৬ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১.৪৮০৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানায়, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য নির্ধারিত দামে শুল্ক ও মূসক অন্তর্ভুক্ত রয়েছে। তবে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে নির্ধারিত মূল্য শুল্ক ও মূসকমুক্ত রাখা হয়েছে।
নতুন এই মূল্য ৭ এপ্রিল রাত ১২টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।
বিশ্লেষকদের মতে, জ্বালানির এ মূল্যবৃদ্ধির প্রভাব বিমান ভাড়া ও সামগ্রিক পরিবহন খরচে পড়তে পারে।