
দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এখন থেকে কেউ জ্বালানি তেল অবৈধভাবে মজুত করার সুনির্দিষ্ট তথ্য দিলে তাকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে এবং কৃত্রিম সংকট রোধে দেশের সব জেলায় ইতোমধ্যে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, অবৈধ মজুতদারি বন্ধে যারা তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করবেন, তাদের জন্য শিগগিরই আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেওয়া হবে। এ লক্ষ্যে সচেতন নাগরিকদের সুনির্দিষ্ট অভিযোগ ও পরামর্শ প্রদানের আহ্বান জানানো হয়েছে।
এদিকে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে মাঠপর্যায়ে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৩০টি ড্রামে অবৈধভাবে মজুত করা আনুমানিক ৬ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা, সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং অবৈধ মজুত প্রতিরোধে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। দেশের তেল ডিপো, পেট্রল পাম্প ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কার্যক্রম এখন নিবিড় নজরদারির আওতায় আনা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।