
রেশনিং পদ্ধতির আওতায় ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এতদিন ২৫ শতাংশ কমিয়ে তেল সরবরাহ করা হলেও বর্তমানে তা কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিপিসি।
বার্তায় বলা হয়, চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিপিসি জ্বালানি তেল সরবরাহ ও গ্রহণ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে। সে অনুযায়ী দেশের বিভাগীয় শহরগুলোতে জ্বালানি তেল (অকটেন ও পেট্রোল) সরবরাহের ক্ষেত্রে গড় বিক্রয়ের তুলনায় ২৫ শতাংশ কমানোর পরিবর্তে এখন থেকে ১৫ শতাংশ কমিয়ে ফিলিং স্টেশনভিত্তিক বরাদ্দ চার্ট অনুযায়ী জ্বালানি দেওয়া হবে।
হ্রাস করা বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার বা এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
উল্লেখ্য, ইরানে ইরান–এ ইসরায়েল ও যুক্তরাষ্ট্র–এর হামলার পর সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি নির্দেশে গত রোববার থেকে পেট্রোল পাম্পগুলোতে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু হয়।
এ অবস্থায় অনেক চালক আতঙ্কিত হয়ে যানবাহনের জন্য জ্বালানি নিতে পাম্পগুলোতে ভিড় করেন। ফলে বিভিন্ন স্থানে পাম্পগুলোতে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। তবে সরকার বারবারই জানিয়েছে, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।