
বাংলাদেশ ব্যাংকের স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে নবনিযুক্ত গভর্নর মো. মোস্তাকুর রহমানের নিয়োগ বাতিল করার সুপারিশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে টিআইবির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই সুপারিশ জানানো হয়।
‘বিএনপি নেতৃত্বাধীন সরকারের সুশাসন ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ কৌশলগত প্রাধান্য: টিআইবির সুপারিশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের কথা শুধু জনগণের উদ্দেশ্যে বললেই হবে না।”
তিনি আরও উল্লেখ করেন, “সরকার ও দলের মধ্যে এ নীতি চর্চা করতে হবে। সরকারি কর্মচারীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বন্ধ করতে হবে।”
নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান একজন যোগ্যতাসম্পন্ন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ), যিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে ব্যাংক ও ফাইন্যান্স সেক্টরে কাজ করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাবরক্ষণ বিভাগ থেকে বি.কম (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
মোস্তাকুর রহমান বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ (রিহ্যাব), অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ (এটিএবি) এবং ঢাকা চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) সহ বিভিন্ন পেশাদার ও শিল্প সংগঠনের কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।