
হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে দায়েরের আবেদন করা মামলা গ্রহণ করেননি আদালত। মামলা গ্রহণের মতো পর্যাপ্ত উপাদান না থাকায় আবেদনটি খারিজ করে দেওয়া হয়েছে।
রোববার (১২ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গত ৫ জুলাই ভুক্তভোগী শিশুর বাবা সিরাজুল ইসলাম একই আদালতে মামলার আবেদন করেন। সেদিন আদালত তার জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য ১২ জুলাই দিন ধার্য করেছিলেন।
মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূস ও নুর জাহান বেগম ছাড়াও আসামি করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে।
আবেদনে সিরাজুল ইসলাম উল্লেখ করেন, তার ৯ মাস বয়সী কন্যা সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শয্যার সংকট, অক্সিজেনের অভাব, চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং যথাযথ চিকিৎসা না পাওয়ার কারণে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে। একই সঙ্গে সময়মতো হামের টিকা সরবরাহ না থাকায় তার সন্তান টিকা নিতে পারেনি এবং পরে হামে আক্রান্ত হয়ে মারা যায় বলে অভিযোগ করা হয়।
মামলার আবেদনে আরও অভিযোগ করা হয়, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা হামের টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। এর ফলে দেশজুড়ে শত শত শিশুর মৃত্যু এবং হাজারো শিশুর চিকিৎসাধীন থাকার পরিস্থিতি তৈরি হয়েছে বলে আবেদনকারী দাবি করেন।
এ ছাড়া, সংশ্লিষ্টদের কর্মকাণ্ড সংবিধান অনুযায়ী জনস্বাস্থ্য ও মানুষের জীবন রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব পালনে ব্যর্থতা, ক্ষমতার অপব্যবহার এবং আইনগত দায়িত্বে অবহেলার শামিল বলেও মামলার আবেদনে উল্লেখ করা হয়।