
গুম ও হত্যার অভিযোগে দায়ের হওয়া পৃথক মামলায় দুই সাবেক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৭ এপ্রিল তাদের আদালতে উপস্থাপনের দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল।
রোববার তদন্ত সংস্থার পৃথক আবেদনের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।
মামলার তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের সময় গুমের অভিযোগে দায়ের হওয়া মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ এবং জুলাইয়ের হত্যাযজ্ঞ সংক্রান্ত মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে, ২৫ মার্চ মধ্যরাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে শেখ মামুন খালেদকে আটক করা হয়। অন্যদিকে, ২৩ মার্চ রাতে বারিধারা ডিওএইচএস থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।
বর্তমানে মাসুদ উদ্দিন চৌধুরীকে রাজধানীর পল্টন থানার মানব পাচার মামলায় এবং মামুন খালেদকে গণঅভ্যুত্থানের সময় মিরপুরে সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের দুজনকেই পৃথকভাবে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।