
মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নদীতে নিখোঁজ হওয়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে মেঘনার শাখা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। এ নিয়ে ওই সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তির নাম মো. আলমগীর হোসেন (৪৬)। তিনি সদর উপজেলার চরডুমুরিয়া গ্রামের মো. নান্নু মিয়ার ছেলে। তবে স্থানীয়ভাবে তিনি ‘আলমগীর দালাল’ নামে পরিচিত বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হওয়া এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্সপ্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত বৃহস্পতিবার সকালে চরডুমুরিয়া গ্রামে দুই পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণ ও গোলাগুলিতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় প্রাণ বাঁচাতে নদী সাঁতরে তীরে ওঠার চেষ্টা করার সময় নিখোঁজ হন আলমগীর হোসেন। অন্যদিকে, সংঘর্ষে গুরুতর আহত চরডুমুরিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে মো. সেলিমকে (৩৫) উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গুলিবিদ্ধ সজিবসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। সজিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মিজানসহ আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।