
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা প্রসীত খীসা বলে মন্তব্য করেছেন ইউপিডিএফ গণতান্ত্রিকের নেতারা। তাঁদের মতে, ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে সরকারকে পার্বত্য চুক্তি বাস্তবায়নে বাধ্য করা যেত। কিন্তু সেই ঐক্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন প্রসীত খীসা।
রোববার (১৫ নভেম্বর) খাগড়াছড়ির মারমা কল্যাণ সংসদের হলরুমে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ গণতান্ত্রিক) নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা অভিযোগ করেন, জুম্ম জাতির সঙ্গে প্রতারণা করে নতুন করে চুক্তির স্বপ্ন দেখিয়ে দীর্ঘদিন ধরে পাহাড়ে সংঘাত জিইয়ে রেখেছেন প্রসীত খীসারা। তাঁরা তাঁদের জাতির জন্য সবচেয়ে সুবিধাবাদী প্রতারক বলেও মন্তব্য করেন। বক্তাদের মতে, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়িত হলে জুম্ম জাতি পাহাড়ে শান্তিতে বসবাস করতে পারত।
তাঁরা আরও বলেন, চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণেই গণতান্ত্রিক ঐক্যের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ঐক্য অস্ত্রের চেয়েও শক্তিশালী উল্লেখ করে বক্তারা উন্নয়ন এবং জুম্ম জাতির অধিকার আদায়ের আন্দোলনে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানান। ভ্রাতৃঘাতী সংঘাত ও খুনোখুনি বন্ধ করে পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তাঁরা। একই সঙ্গে জুম্ম জাতির কল্যাণে গণতান্ত্রিক পথে ফিরে আসার আহ্বান জানান।
‘সত্যের জয় অনিবার্য’ স্লোগান নিয়ে পথচলা ইউপিডিএফ গণতান্ত্রিকের নবম প্রতিষ্ঠাবার্ষিকী খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে জেলা শহরের সূর্যশিখা ক্লাব থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মারমা উন্নয়ন সংসদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে আলোচনা সভার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি তপন জ্যোতি বর্মাসহ নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন নেতাকর্মীরা। এরপর আলোচনা সভা শুরু হয়।
ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক সুলেন চাকমার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা চার্মিং। স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় যুব ও ছাত্রবিষয়ক সম্পাদক বিজয় চাকমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জনসংহতি সমিতি (জেএসএস) এম.এন. লারমার খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রীতি খীসা।
এ ছাড়া বক্তব্য দেন ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা, কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক দীপন চাকমা, বান্দরবান জেলা সভাপতি উবামং মারমা, সাধারণ সম্পাদক মংসাপ্রু ত্রিপুরা এবং পিসিপির কেন্দ্রীয় সভাপতি লবিয়ত চাকমা প্রমুখ।
প্রসঙ্গত, ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে ‘আপস চুক্তি’ আখ্যা দিয়ে পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিতে ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর ইউপিডিএফ প্রতিষ্ঠা করা হয়। দীর্ঘদিন সংগঠনটির নেতাকর্মীরা একসঙ্গে থাকলেও অভ্যন্তরীণ মতপার্থক্যের কারণে পরে তা দুই ভাগে বিভক্ত হয়। এর ধারাবাহিকতায় ২০১৭ সালের ১৫ নভেম্বর ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) প্রতিষ্ঠিত হয়।