
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব মাহদী হাসানের বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুক প্রোফাইল থেকে সরাসরি সম্প্রচারে এসে এ অভিযোগ করেন তিনি।
মাহদী হাসান জানান, রাতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন তারা। এ সময় হঠাৎ রাত সাড়ে ১২টার দিকে তাদের ঘরের টিনের চালে ঢিলের মতো দুটি বস্তু এসে পড়ে। এর পরপরই সেখানে আগুন জ্বলে ওঠে। তার ধারণা, পেট্রোলবোমা জাতীয় কোনো বস্তু তাদের ঘরের চালে ছুড়ে মারা হয়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে মাহদী হাসান বলেন, ‘আমরা ঘুমাচ্ছিলাম। রাত প্রায় সাড়ে ১২টার দিকে হঠাৎ আমাদের ঘরের টিনের চালে দুটি ঢিল এসে পড়ে এবং আগুন জ্বলে ওঠে। আমরা ধারণা করছি, পেট্রোলবোমা জাতীয় কিছু একটা আমাদের ঘরের চালে ছুড়ে মারা হয়েছে।’
তবে পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ অস্বীকার করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক। রাত ২টার দিকে তিনি বলেন, ‘এটি মাহদী হাসানের নাটক। তার ফেসবুক লাইভ দেখে আমি ঘটনাস্থলে গিয়ে পেট্রোলবোমা নিক্ষেপের কোনো আলামত পাইনি।’
ওসি আরও জানান, মাহদী হাসানের বাসা থেকে ২০ থেকে ৩০ গজ দূরে তার চাচা আনোয়ারের বাড়িতে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়া হয়। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে সেখানে আগুনের সূত্রপাত হয় এবং তার চাচার বাড়ির বিদ্যুতের মিটার পুড়ে যায়।
তার ভাষ্য অনুযায়ী, চাচার বাড়িতে আগুন দেখতে পেয়ে মাহদী হাসান নিজের বাসার জানালা খুলে ফেসবুক লাইভে আসেন। এ সময় তিনি তার বাসায় পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেন।
ওসি জানিয়েছেন, এ ঘটনায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগের পক্ষে কোনো আলামত পাওয়া যায়নি।