
শেরপুরে জমি-জমা বিরোধের জের ধরে ভাতিজাদের হামলায় চাচা নিহতের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ভাতিজার বাড়িতে আগুন দিয়েছে ক্ষুদ্ধ জনতা।
রোববার (৮ নভেম্বর) বিকেলে সদর উপজেলার কুসুমহাটি কাজিরচর গ্রামে এ ঘটনা ঘটে। আর রাতে আগুনের ঘটনা ঘটে।
নিহত জিন্নাত আলী (৬৫) ওই এলাকার মৃত টন মাহমুদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কাজিরচর গ্রামের জিন্নাত আলীদের সাথে তার আপন ভাতিজা জসিম, মাজহার ও নজরুল ইসলামদের সাথে বিরোধ চলছিল। এর জের ধরে আজ বিকেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জসিমসহ কয়েকজন জিন্নাত আলীকে কিল-ঘুসি ও ধাক্কা দিলে চাচা মাটিতে লুটিয়ে পড়ে। পরে দ্রুত তাকে আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিন্নাতকে মৃত ঘোষণা করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাতে ক্ষুদ্ধ জনতা ভাতিজাদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।