
সাতক্ষীরার তালা উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর হৃদয় (১৯) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে নিজেদের বাড়িতে এ ঘটনা ঘটে।
হৃদয় ওই গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফল প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন হৃদয়। শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে তিনি আত্মহত্যা করেন। পরে বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন স্বজনেরা।
ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। সেখানে পরীক্ষার ফল নিয়ে হতাশার পাশাপাশি একজন শিক্ষকের ভুলকে নিজের পরিস্থিতির জন্য দায়ী করার কথা উল্লেখ করেছেন হৃদয়। একই সঙ্গে মা-বাবার প্রতি অনুশোচনা প্রকাশ করে তাঁদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
চিরকুটে হৃদয় লিখেছেন, পরীক্ষার ফলের জন্য তিনি নিজেও অনেক পরিশ্রম করেছেন। তাঁর অভিযোগ, পরীক্ষার হলে দায়িত্বে থাকা শিক্ষকের ভুলের কারণে প্রত্যাশিত ফল পাননি। এ ঘটনায় মা-বাবার কষ্টের কথা উল্লেখ করে তাঁদের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত এবং উদ্ধার করা চিরকুট পর্যালোচনা করে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলছে। পাশাপাশি থানায় অপমৃত্যু মামলা (ইউডি) দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান ওসি।