
বগুড়ার ধুনট উপজেলায় মাদক মামলায় চার বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাসুদ মিয়াকে (৫৫) দুই দশক পর গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে শনিবার তাঁকে আটক করা হয়।
রোববার বেলা ১১টার দিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাঁকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মাসুদ মিয়া ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি বুড়িভিটা গ্রামের বুলু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৪ সালে মাদকদ্রব্য বিক্রির সময় তৎকালীন শাহজাহানপুর থানা-পুলিশের হাতে গ্রেপ্তার হন মাসুদ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে জননিরাপত্তা আইনে মামলা করা হয়। পরে ২০০৬ সালে বগুড়ার বিশেষ ট্রাইব্যুনাল আদালত ওই মামলায় তাঁকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেন।
তবে রায় ঘোষণার আগেই উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যান তিনি। এরপর থেকে প্রায় ২০ বছর ধরে ছদ্মবেশে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় অবস্থান করে সাজা এড়িয়ে চলছিলেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কালিয়াকৈর থেকে মাসুদ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি সাজা এড়িয়ে পলাতক ছিলেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।