
জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকার ও এর জন্য ক্ষমা না চাইলে আওয়ামী লীগের দেশে রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় নিজের সংসদীয় আসন ভোলা-১-এর ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকেরহাট বাজারে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পার্থ বলেন, দেশে রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগকে জুলাই গণঅভ্যুত্থান স্বীকার করতে হবে এবং এ বিষয়ে ক্ষমা চাইতে হবে। দোষীদের সাজা হওয়ার পর বাংলাদেশের মানুষ যদি মনে করে তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত, তাহলে সেটি সময়ই বলে দেবে।
আওয়ামী লীগ বিদেশে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নতুন বয়ান তৈরির চেষ্টা করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আগে দলটি দেশে জঙ্গিবাদের কথা বলত, এখন বলছে গণতন্ত্র নেই।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এত নির্বিঘ্নে ও সুন্দর নিরাপত্তার মধ্যে পূজা উদযাপন হতে দেখেননি। হিন্দু সম্প্রদায়ের মানুষ আনন্দ-উৎসবের মধ্য দিয়ে তাদের ধর্মীয় উৎসব পালন করেছেন। আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে যাওয়ার কিছুদিন পর থেকেই হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে কিছু ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রচারের চেষ্টা করেছিল বলেও মন্তব্য করেন তিনি।
বিজেপি চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ তাদের ১৭ বছরের শাসনামলে দেশের গণতন্ত্র ধ্বংস করে দিয়ে গেছে। সেখান থেকে ফিরে আসতে সরকারের সময় লাগছে। তবে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করেছে এবং সংসদে বিরোধী দলও রয়েছে। তাঁর বিশ্বাস, দেশের গণতন্ত্র আরও উন্নত হবে।
শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে পার্থ বলেন, সময়ই বলে দেবে তিনি ফিরবেন কি না। তাঁর মতে, দেশে ফেরার মতো রাজনৈতিক পরিস্থিতি এখনো তৈরি হয়নি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে হত্যা ও নির্যাতনের ঘটনা থেকে মানুষ এখনো মানসিকভাবে বের হতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় বিজেপির ভোলা জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগকালে পার্থ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন।