
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের ওয়াপদা কলোনি এলাকার ইত্তেহাদ টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
সাহেব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার ঘটনায় প্রতিপক্ষের রনি ও আসলামের নাম উঠে এসেছে। তবে কী কারণে এ হামলা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ইত্তেহাদ টাওয়ারের সিসিটিভি ফুটেজ, স্থানীয় বাসিন্দা ও পুলিশের সূত্রে জানা গেছে, ঘটনার সময় সাহেব আলী উত্তেজিত অবস্থায় ছিলেন। একপর্যায়ে রনি তাঁকে লক্ষ্য করে মাথায় গুলি করেন বলে অভিযোগ রয়েছে। গুলিবিদ্ধ হয়ে সাহেব আলী পাশের একটি খালে পড়ে গেলে তাঁকে লক্ষ্য করে আরও দুটি গুলি ছোড়া হয় বলে জানা গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, তাঁকে মোট তিনটি গুলি করা হয়।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছিলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করছে।
তথ্য অনুযায়ী, সাহেব আলীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ২০টি মামলা রয়েছে। এর মধ্যে ডাকাতি ও ছিনতাইয়ের সাতটি, মাদকদ্রব্য-সংক্রান্ত দুটি, নারী ও শিশু নির্যাতনের একটি, সন্ত্রাসবিরোধী আইন ও নাশকতার তিনটি, সরকারি কাজে বাধা দেওয়ার পাঁচটি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের ছদ্মবেশে ডাকাতির দুটি মামলা রয়েছে।