
শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা ও সঠিক দিকনির্দেশনা দেওয়ার উদ্দেশ্যে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের আয়োজনে 'ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার' অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১০অক্টোবর) শহরের টাউন হল মিলনায়তনে দিনব্যাপী এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও মোটিভেশনাল স্পিকার ব্যারিস্টার আল মামুন রাসেল, বিশেষ বক্তা ছিলেন গ্লোবাল ইয়ূথ পার্লামেন্ট এর পরিচালক ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ ও চুনারুঘাট সরকারি কলেজের প্রভাষক সোলাইমান হক সজল।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা ফারুক হোসাইন নুরনবী, এডভোকেট নিজাম উদ্দিন মাহমুদ, আব্দুল করিম, উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজসহ আরও অনেকেই।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত শিক্ষাবিদ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা পড়াশোনার পাশাপাশি ভবিষ্যতে সফল ক্যারিয়ার গড়ার উপায়, প্রযুক্তির যুগে নিজেকে যুগোপযোগী করে তোলা, লক্ষ্য নির্ধারণ এবং সময়ের সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীরা সেমিনারে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং তাদের ক্যারিয়ার সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর বিশেষজ্ঞ বক্তাদের কাছ থেকে জেনে নেয়।
আয়োজকরা জানান, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মননশীলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে এমন ক্যারিয়ারমুখী আয়োজন নিয়মিত অব্যাহত থাকবে।