
সিরাজগঞ্জের শাহজাদপুরে স্ত্রীকে লাঠি দিয়ে আঘাত করতে গিয়ে মায়ের কোলে থাকা ৯ মাস বয়সী এক শিশুর মাথায় লাঠির আঘাত লেগে মৃত্যুর অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। ঘটনার পর থেকে শিশুটির বাবা আব্দুল আলীম পলাতক রয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) উপজেলার গালা ইউনিয়নের চর দুগলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম হালিমা খাতুন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে পাঠিয়েছে।
শাহজাদপুর থানার এসআই আনোয়ার হোসেন জানান, সকালে আব্দুল আলীমের সঙ্গে তাঁর স্ত্রী ফজিলা খাতুনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রীকে লাঠি দিয়ে আঘাত করতে গেলে লাঠিটি তাঁর কোলে থাকা শিশুর শরীরে লাগে। এতে শিশুটির মাথা থেকে রক্তক্ষরণ শুরু হয়।
পরে স্বজনরা শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
শিশুটির মা ফজিলা খাতুন বলেন, স্বামীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি তাঁকে মারতে গেলে তাঁর কোলে থাকা শিশুর মাথায় লাঠির আঘাত লাগে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে শিশুটির বাবা আব্দুল আলীম পলাতক রয়েছেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।