
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে গাইবান্ধার ফুলছড়িতে ছয়জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসরাকুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার রাতে ফুলছড়ি থানায় অভিযোগটি করেন উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান।
অভিযোগে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে। মাহমুদুল হাসানের দাবি, অভিযুক্তদের কয়েকজন আওয়ামী লীগের স্থানীয় বিভিন্ন পদে রয়েছেন। তারা বিভিন্ন সময় ফেসবুকে তারেক রহমানকে ব্যঙ্গ করে ছবি ও পোস্ট প্রকাশ এবং আপত্তিকর ভাষায় মন্তব্য করেছেন।
অভিযোগকারী আরও দাবি করেন, গত ১১ আগস্ট এ ধরনের পোস্ট না দেওয়ার জন্য অভিযুক্তদের অনুরোধ করা হলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে সহ দলীয় নেতাকর্মীদের গুম-খুনের হুমকি দেন।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
ফুলছড়ি থানার ওসি এসরাকুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে।