
চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতর বিশেষ কৌশলে রাখা ৪৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শফি আলম ও আবদুর রহিম।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘীর মোড় এলাকার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফ্ফর হোসেন।
গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশিচৌকি
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কালাবিবির দিঘীর মোড় এলাকায় তল্লাশিচৌকি স্থাপন করা হয়। এ সময় সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামিয়ে তল্লাশি শুরু করেন র্যাব সদস্যরা।
র্যাবের উপস্থিতি বুঝতে পেরে অটোরিকশাটিতে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে র্যাব সদস্যরা তাদের আটক করেন।
সিলিন্ডারের ভেতর মিলল ২২ বান্ডেল
গ্রেপ্তারের পর দুই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে অটোরিকশাটির গ্যাস সিলিন্ডারে তল্লাশি চালানো হয়। সিলিন্ডারের ভেতরের একপাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২২টি বান্ডেল পাওয়া যায়।
বান্ডেলগুলো স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। সেগুলো খুলে মোট ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, উদ্ধার করা ইয়াবাগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩২ লাখ টাকা।
এ ঘটনায় আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।